দ্বিতীয় দফায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ১০:৫৯ অপরাহ্ণ
দ্বিতীয় দফায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের দ্বিতীয় দফার অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। কর্তব্যরত চিকিৎসকেরা জানিয়েছেন, তার অস্ত্রোপচার সফল হয়েছে এবং বর্তমানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) বিকাল ৩টায় প্রথম অস্ত্রোপচার শুরু হয়ে সন্ধ্যা সোয়া ৬টায় শেষ হয়। এরপর শারীরিক জটিলতা বিবেচনায় সন্ধ্যা সাড়ে ৬টায় তার মস্তিষ্কে দ্বিতীয় দফার অস্ত্রোপচার শুরু হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, দ্বিতীয় দফার অস্ত্রোপচার-পরবর্তী পরিস্থিতি এবং শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হতে পারে।

মির্জা আব্বাসের পরিবার এরই মধ্যে আকাশপথে রোগী পরিবহনের বিশেষ বিমানসহ (এয়ার অ্যাম্বুলেন্স) প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করে রেখেছে।

এদিকে, মির্জা আব্বাসের জন্য দোয়া চেয়েছেন তার ছেলে ইয়াসির আব্বাস। তিনি বলেন, ‘সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন জায়াগা অনেকভাবে কথা ছড়িয়েছে। আসলে ওইরকম কিছুই না। কিন্তু যেহেতু বয়স হয়েছে বাবার এবং কাজের চাপটাও বেশি ছিল। সাথে রোজা রেখে একটু স্ট্রেসের মধ্যে পড়ে গিয়েছিল আরকি। আলহামদুল্লিল্লাহ, আমি মনে করি বাবা অনেকটা ভালো আছেন এখন আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আপনারা সবাই আমার বাবার জন্য দোয়া করবেন ইনশাহআল্লাহ।’

সংবাদটি starnews.com.bdওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তথ্যের সঠিকতা ও মালিকানা বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে মূল সূত্রের সঙ্গে যোগাযোগ করুন।