হরমুজ প্রণালী শত্রুদের জন্য বন্ধ, অন্যদের জন্য খোলা
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হরমুজ প্রণালী খোলা থাকলেও তা ইরানের শত্রুদের জন্য বন্ধ। তিনি বলেন, ‘প্রণালীটি খোলা, তবে যারা আমাদের বিরুদ্ধে কাপুরুষোচিত আগ্রাসন চালিয়েছে এবং তাদের মিত্রদের জন্য এটি বন্ধ।’
সেই সঙ্গে যুক্তরাষ্ট্র–ইসরায়েলের সঙ্গে যতদূর প্রয়োজন যুদ্ধ চালিয়ে যেতে তেহরান প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
আরাগচি বলেন, ‘তেহরান দেখিয়ে দিয়েছে তারা ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত-সেটা যত দূর প্রয়োজন হয়।’
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি মনে করি এখন তারা (যুক্তরাষ্ট্র–ইসরায়েল) একটি ভালো শিক্ষা পেয়েছে এবং বুঝেছে, তারা কেমন জাতির বিরুদ্ধে লেগেছে। ইরানিরা এমন এক জাতি যারা আত্মরক্ষা করতে দ্বিধা করে না; যারা প্রস্তুত থাকে যে কোনো স্থানে যুদ্ধ চালিয়ে যেতে যত দূর পর্যন্ত তা প্রয়োজন হয়।’
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, ‘যদি মার্কিন মিত্ররা হরমুজ প্রণালী খুলতে সহায়তা না করে, তাহলে ন্যাটোর ভবিষ্যৎ “খুব খারাপ” হতে পারে।’ বর্তমানে যুদ্ধের প্রেক্ষাপটে ইরান কার্যত এই গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথটি নিয়ন্ত্রণে রেখেছে।
ট্রাম্প দাবি করেছেন যে, ইরান সমঝোতা করতে চায়, কিন্তু তিনি মনে করেন না যে, যা করা প্রয়োজন তা করার জন্য ইরান প্রস্তুত।
ট্রাম্প বলেন, ‘আমি মনে করি কোনো এক সময়ে তারা সমঝোতা করবে। ইরানের পুরো পরিস্থিতির ক্ষেত্রে আমরা খুব ভালো করছি।’
ইরানের পক্ষ থেকে ক্রমাগত পাল্টা হামলার হুমকির মধ্যে ট্রাম্প আরও বলেন, তিনি হরমুজ প্রণালি পাহারা দেওয়ার বিষয়ে অন্য দেশগুলোর সঙ্গে কথা বলছেন।
তবে ইরানের মার্কিন–ইসরায়েলি হামলার পর মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়া বিস্তৃত যুদ্ধে যুক্তরাজ্য জড়াবে না বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তিনি বলেছেন, যুক্তরাজ্যের অগ্রাধিকার হচ্ছে ওই অঞ্চলে অবস্থানরত তার নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা।






আপনার মতামত লিখুন
Array