হরমুজ প্রণালীতে সামরিক হস্তক্ষেপ প্রত্যাখ্যান করেছেন ইইউ নেতারা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ১১:৩৬ অপরাহ্ণ
হরমুজ প্রণালীতে সামরিক হস্তক্ষেপ প্রত্যাখ্যান করেছেন ইইউ নেতারা

হরমুজ প্রণালীতে নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে সামরিক সহায়তার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান করেছেন ইউরোপের নেতারা।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট সতর্ক করে বলেছেন, ‘যদি মার্কিন মিত্ররা হরমুজ প্রণালী খুলতে সহায়তা না করে, তাহলে ন্যাটোর ভবিষ্যৎ “খুব খারাপ” হতে পারে।’ বর্তমানে যুদ্ধের প্রেক্ষাপটে ইরান কার্যত এই গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথটি নিয়ন্ত্রণে রেখেছে।

এদিকে, ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা ব্রাসেলসে বৈঠকে বসেছেন, যেখানে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের প্রেক্ষাপটে তেলের দামের ঊর্ধ্বগতি নিয়ে আলোচনা হয়েছে। আল-জাজিরার প্রতিবেদন সূত্রে এ খবর পাওয়া গেছে।

সোমবার (১৬ মার্চ) জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াডেফুল বলেন, ‘বর্তমান সংঘাতে জার্মানির সামরিক অভিযানে যোগ দেওয়ার কোনো পরিকল্পনা নেই।’

ব্রাসেলসে বৈঠকের আগে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমরা আশা করি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আমাদের তাদের কার্যক্রম সম্পর্কে অবহিত করবে, আমাদের অন্তর্ভুক্ত করবে এবং তাদের লক্ষ্য অর্জিত হয়েছে কি না তা জানাবে।’

তিনি আরও বলেন, ‘যখন আমরা বিষয়টির পরিষ্কার চিত্র পাব, তখন আমাদের পরবর্তী ধাপে যেতে হবে-অর্থাৎ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সমন্বয় করে পুরো অঞ্চলের জন্য একটি নিরাপত্তা কাঠামো নির্ধারণ করা।’

ওয়াডেফুল আরও জানান, হরমুজ প্রণালীতে দায়িত্ব নেওয়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি ন্যাটো। এর আগে রোববার ট্রাম্প গুরুত্বপূর্ণ এই উপসাগরীয় জলপথে নিরাপত্তা নিশ্চিত করতে যুদ্ধজাহাজ মোতায়েনের জন্য একটি নৌ জোট গঠনের আহ্বান জানিয়েছিলেন।

গ্রীক সরকারের মুখপাত্র ⁠পাভলোস ⁠মেরিনাকিস বলেছেন, গ্রীস ⁠হরমুজ প্রণালীতে কোনো সামরিক অভিযানে জড়িত হবে না।

অন্যদিকে, ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও ⁠তাজানি বলেছেন- ইতালি এমন কোনো নৌ অভিযানে জড়িত নয়, যা এই অঞ্চলে সম্প্রসারিত হতে পারে।

ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোকে রাসমুসেন বলেছেন, ‘ইউরোপ যদি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরানের বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার সিদ্ধান্তকে সমর্থন নাও করে, তবুও ওই প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে সাহায্য করার বিষয়ে ইউরোপের খোলা মনে ভাবা উচিত।’

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়া বিস্তৃত যুদ্ধে যুক্তরাজ্য জড়াবে না। তিনি বলেছেন, যুক্তরাজ্যের অগ্রাধিকার হচ্ছে ওই অঞ্চলে অবস্থানরত তার নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা।

উল্লেখ্য, হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল পরিবহন করা হয়, ফলে এই পথের নিরাপত্তা বৈশ্বিক জ্বালানি বাজারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সংবাদটি starnews.com.bdওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তথ্যের সঠিকতা ও মালিকানা বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে মূল সূত্রের সঙ্গে যোগাযোগ করুন।