যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান
ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতাবা খামেনি মধ্যস্থতাকারীদের মাধ্যমে পাঠানো উত্তেজনা হ্রাস বা যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।
ইরানি কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, একটি নিরপেক্ষ দেশ মোজতবা খামেনির কাছে যুদ্ধ বন্ধের প্রস্তাব নিয়ে গিয়েছিল। তবে কোন দেশ মধ্যস্থতাকারী হিসেবে প্রস্তাব পাঠিয়েছিল তা উল্লেখ করা হয়নি।
ইরানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, সর্বোচ্চ নেতা দাবি করেছেন, যুদ্ধ বন্ধ করার আগে প্রথমেই ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে ‘নতজানু’ হতে হবে।
প্রস্তাব পর্যলোচনায় মোজতবা খামেনি পররাষ্ট্রনীতি বিষয়ক সভা আহ্বান করেছিলেন। সেই প্রস্তাব সর্বসম্মতিতে নাকচ করার সিদ্ধান্ত গৃহিত হয়। সভায় খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার বিষয়ে তার কঠোর অবস্থান বজায় রাখতে চান বলে জানান। ইরানি কর্মকর্তারা এ বিষয়ে নিজেদের সম্মতির কথা জানান।
ওই কর্মকর্তা বলেন, মুজতাবা খামেনি নতুন সর্বোচ্চ নেতার হিসাবে নিয়োগ পাওয়ার পর প্রথম পররাষ্ট্রনীতি বিষয়ক বৈঠক করেছেন।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ‘প্রতিশোধ’ নেওয়ার ক্ষেত্রে অত্যন্ত কঠোর ও অনমনীয় অবস্থান নিয়েছেন তিনি। তবে বৈঠকে তিনি সশরীর উপস্থিত ছিলেন কি না, তা ওই কর্মকর্তা নিশ্চিত করেননি।
এদিকে, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) তাদের বাসিজ ফোর্সের কমান্ডার গোলামরেজা সোলেইমানি হত্যাকাণ্ডের পর তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে।
আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে তারা এই হত্যাকাণ্ডের কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে। আইআরজিসি সতর্ক করে বলেছে, শহীদ কমান্ডারের রক্তের বদলা নিতে বাসিজ বাহিনী পিছু হটবে না।






আপনার মতামত লিখুন
Array