ইসরায়েলি হামলায় দুই স্বাস্থ্যকর্মীসহ লেবাননে নিহত ৫১

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১১ মে, ২০২৬, ৯:১৫ পূর্বাহ্ণ
ইসরায়েলি হামলায় দুই স্বাস্থ্যকর্মীসহ লেবাননে নিহত ৫১

গত ২৪ ঘণ্টায় লেবাননে ইসরায়েলি হামলায় দুই স্বাস্থ্যকর্মীসহ মোট ৫১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলি সেনাবাহিনী বিন্ট জেবেইল জেলার কালাউইয়া ও তিবনিন শহরের স্বাস্থ্যকেন্দ্র লক্ষ্য করে দুটি বিমান হামলা চালায়। এতে প্যারামেডিক কর্মীরা হতাহত হন।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এ হামলাকে আন্তর্জাতিক আইন ও মানবিক মানদণ্ডের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি তৃতীয় সপ্তাহে প্রবেশ করলেও সহিংসতা থামেনি।

মন্ত্রণালয়ের তথ্যমতে, গত ২ মার্চ থেকে ইসরায়েলি সেনাবাহিনীর নতুন সামরিক অভিযান শুরুর পর সারা লেবাননে মোট ২ হাজার ৮৪৬ জন নিহত হয়েছেন।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, এ সময়ে ১৩০টিরও বেশি ইসরায়েলি হামলায় অন্তত ১০৩ জন লেবানিজ স্বাস্থ্যকর্মী নিহত এবং আরও ২৩০ জন আহত হয়েছেন।

দক্ষিণ লেবাননের টাইর অঞ্চলে লেবানিজ সিভিল ডিফেন্সের প্রধান আলি সাফি আল-দিন বলেন, আমরা প্রতিটি মুহূর্ত ও প্রতিদিন ঝুঁকির মধ্যে কাজ করছি। বাঁচব নাকি মারা যাব- এই চিন্তা সবসময় মাথায় ঘোরে। এখানে কাজ করাটা যেন জীবন উৎসর্গ করার মতো।’

তিনি আরও বলেন, বহু সহকর্মী ও বন্ধুকে হারানোর পর তাদের মনে হয়, তারা যেন আগেই মৃত্যুকে মেনে নিয়েছেন।

ইসরায়েলি হামলার কারণে ২ মার্চ থেকে এখন পর্যন্ত ১২ লাখের বেশি লেবানিজ নাগরিক বাস্তুচ্যুত হয়েছেন। যদিও ১৬ এপ্রিল থেকে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে, এরপরও হামলার সংখ্যা বেড়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।