ধনবাড়ীতে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৮ জুন, ২০২৬, ৪:৪৬ অপরাহ্ণ
ধনবাড়ীতে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহত

টাঙ্গাইলের ধনবাড়ীতে পিকআপের চাপায় এক স্কুলছাত্রী নিহত হয়েছে। নিহতের নাম সাদিয়া জান্নাত (১৭)। সে ধনবাড়ী উপজেলার বকলবাড়ী গ্রামের মো. সাইদ বকলের মেয়ে। সে ধনবাড়ী শাহীন ক্যাডেট স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী। রবিবার (২৮ জুন) সকালে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের ধনবাড়ী উপজেলার নিজবর্নী এলাকার পুরাতন থানার সামনে দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয়দের বরাতে ধনবাড়ী থানার ওসি নুরুস সালাম সিদ্দিক সাংবাদিকদের জানান, সকালে রাস্তা পার হওয়ার সময় জামালপুর থেকে ঢাকাগামী একটি পিকআপ সাদিয়াকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে। দুর্ঘটনার পর চালক গাড়ি রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।