টাঙ্গাইলে বিএডিসি বীজ ডিলারদের মানববন্ধন
প্রান্তিক কৃষকদের সুবিধার্থে একই দোকানে সার ও বীজ বিক্রয়ের অনুমতি প্রদানের দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন জেলা বিএডিসি বীজ ডিলাররা।
মঙ্গলবার টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে বিএডিসি বীজ ডিলার টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে জেলার বিএডিসি বীজ ডিলাররা অংশগ্রহণ করেন।
এতে বক্তব্য রাখেন জেলা বীজ ডিলার অ্যাসোসিয়েশনের আহবায়ক মো. আরিফুর রহমান, যুগ্ম আহবায়ক বিপ্লব হোসেন, সদস্য সচিব গোলাম কিবরিয়া প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ২০১০ সালের নীতিমালা অনুযায়ী বীজ ডিলার ১ বছর পর সার ডিলারে রূপান্তরিত হতে পারবে। কিন্তু দীর্ঘসময় ধরে সারের ডিলারশিপ পাননি তারা। সারের ডিলারশিপ পেলে কৃষকরা একই জায়গা থেকে সার ও বীজ কিনতে পারবে, ফলে কৃষকরাও উপকৃত হবে। কৃষকদের সারের জন্য তখন আলাদা আলাদা দোকানে যাওয়ার প্রয়োজন হবে না। কৃষকের চাওয়া-পাওয়া যেহেতু বিএডিসির মানসম্মত বীজ ডিলাররা পৌঁছে দেন, তাই একই দোকান থেকে বীজ ও সার সরবরাহ করা হলে কৃষকরা অনেক ভোগান্তি থেকে মুক্তি পাবে।
বক্তারা আরও বলেন, প্রধান উপদেষ্টার কাছে আমাদের একটাই দাবি—কৃষকের সুবিধার্থে বিএডিসির বীজ ডিলার থেকে সার ডিলারের নিবন্ধন দ্রুত বাস্তবায়ন করা হোক।
মানববন্ধন কর্মসূচি পালন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
ইএইচ








আপনার মতামত লিখুন
Array