রুমনের পাশে দাঁড়ালেন ইউএনও মাহবুব হাসান
একসময় সাইকেল চালিয়ে নিয়মিত স্কুলে যেত রুমন। পড়াশোনায় ছিল মনোযোগী, চোখে ছিল স্বপ্নের ঝিলিক। কিন্তু অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত অবস্থায় হঠাৎ গুরুতর অসুস্থতা তার পুরো জীবনকে থামিয়ে দেয়।
ছোট বয়সেই বাবাকে হারানো রুমন বর্তমানে শারীরিক ও মানসিকভাবে চরম অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে। সে এখন ঠিকভাবে খেতে পারে না, বসতে পারে না, এমনকি দাঁড়াতেও অক্ষম। নিজের প্রয়োজনটুকুও স্পষ্টভাবে প্রকাশ করতে পারে না সে। নানির বাড়িতে মানবেতর জীবনযাপন করছে এই কিশোর। অসহায় রুমনের বাড়ি টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলার অলোয়া গ্রামে।
রুমনের এই করুণ অবস্থার কথা জানতে পেরে তার পাশে দাঁড়িয়েছেন ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহবুব হাসান। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে একটি হুইলচেয়ার ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। পাশাপাশি উপজেলা সমাজসেবা অফিসের মাধ্যমে তার চিকিৎসার জন্য প্রয়োজনীয় সহযোগিতার উদ্যোগ নেওয়া হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহবুব হাসান বলেন,“রুমনের মতো একটি জীবন যখন আমাদের সামনে দাঁড়ায়, তখন তার পাশে দাঁড়ানোকে আমরা পবিত্র দায়িত্ব মনে করি। একজন মানুষ যেন অসহায় হয়ে পড়ে না—এটাই আমাদের চেষ্টা।”
উপজেলা প্রশাসনের এই মানবিক উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা। একই সঙ্গে রুমনের উন্নত চিকিৎসা ও পুনর্বাসনের জন্য দীর্ঘমেয়াদি সহায়তার দাবি জানিয়েছেন তারা।






আপনার মতামত লিখুন
Array