টাঙ্গাইল-৫ আসনে জামানত হারালেন শফিক

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৩২ অপরাহ্ণ
টাঙ্গাইল-৫ আসনে জামানত হারালেন শফিক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের আটটি আসনে মোট ৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী ছিলেন একজন।

টাঙ্গাইল-৫ (সদর) আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী মো. শফিকুল ইসলাম শফিক প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনি গণঅধিকার পরিষদ টাঙ্গাইল জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রয়োজনীয় ভোট না পাওয়ায় তিনি জামানতের ৫০ হাজার টাকা ফেরত পাচ্ছেন না।

নির্বাচনী বিধি অনুযায়ী, মোট কাস্ট হওয়া ভোটের আট ভাগের এক ভাগের কম ভোট পেলে প্রার্থী জামানত হারান।

টাঙ্গাইল-৫ (সদর) আসনে মোট ভোটার ছিলেন ৪ লাখ ৬২ হাজার ৪১২ জন। এ আসনে ভোট কাস্ট হয়েছে ২ লাখ ৯২ হাজার ৪৮১টি। জামানত ফেরত পেতে প্রয়োজন ছিল প্রায় ৩৬ হাজার ৫৬০ ভোট। কিন্তু ট্রাক প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা মো. শফিকুল ইসলাম শফিক পেয়েছেন মাত্র ২৬৩ ভোট। ফলে তিনি জামানতের টাকা ফেরত পাচ্ছেন না।