টাঙ্গাইলে নদীর পাড় থেকে নারীর মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ৯:৫৪ অপরাহ্ণ
টাঙ্গাইলে নদীর পাড় থেকে নারীর মরদেহ উদ্ধার

টাঙ্গাইল পৌর শহরের লৌহজং নদীর পাড় থেকে সামনা বেগম (৫৫) নামে এক মধ্যবয়সী নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি শহরের পশ্চিম আকুরটাকুর পাড়া এলাকার বাসিন্দা এবং আবুল কাশেমের স্ত্রী।

শনিবার (৭ মার্চ) সকালে শহরের স্টেডিয়াম ব্রিজ এলাকার লৌহজং নদীর পাড়ে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতের স্বজনরা জানান, শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় সামনা বেগমের ভাগিনা শাওন তাকে মোবাইল ফোনে ডেকে নেন। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। পরদিন সকালে নদীর পাড়ে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে বিষয়টি জানায়।

স্থানীয়দের দাবি, মাদক ব্যবসা সংক্রান্ত টাকার ভাগাভাগি নিয়ে সামনা বেগমের সঙ্গে তার ভাগিনা শাওনের বিরোধ ছিল। এ বিরোধের জের ধরে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন তারা।

এ বিষয়ে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি khabarbangla24.comওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তথ্যের সঠিকতা ও মালিকানা বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে মূল সূত্রের সঙ্গে যোগাযোগ করুন।