মির্জাপুরে ৪ ফুট উচ্চতার যুবদল নেতা নিখোঁজ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৮:২৯ অপরাহ্ণ
মির্জাপুরে ৪ ফুট উচ্চতার যুবদল নেতা নিখোঁজ

টাঙ্গাইলের মির্জাপুরে ৪ ফুট উচ্চতার মো. ইউসুফ খান (৩২) নামে এক যুবদল নেতা নিখোঁজ হয়েছেন। গত শনিবার রাতে উপজেলার আজগানা এলাকা থেকে তিনি নিখোঁজ হন। নিখোঁজ ইউসুফ আজগানা ইউনিয়নের ঘাগরাই গ্রামের দুলাল খানের ছেলে এবং পেশায় একজন মাটি ব্যবসায়ী।
নিখোঁজ ইউসুফ খানের ভাতিজা নীরব খান জানান, শনিবার রাত ১১টার দিকে তাঁর চাচা ইউসুফ খান মাটির সাইট দেখার উদ্দেশ্যে বের হন। এরপর থেকে তিনি আর বাড়ি ফেরেননি। ইউসুফ আজগানা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর উচ্চতা ৪ ফুট ১ ইঞ্চি, গায়ের রং কালো এবং মুখে হালকা দাড়ি রয়েছে।
এই ঘটনায় সোমবার (১৬ মার্চ) নিখোঁজ ইউসুফ খানের বোন পান্না আক্তার মির্জাপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের পক্ষ থেকে থানায় জিডি করা হয়েছে। নিখোঁজ ইউসুফকে উদ্ধারে পুলিশ প্রয়োজনীয় তৎপরতা ও তদন্ত চালিয়ে যাচ্ছে।

সংবাদটি amarsangbad.comওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তথ্যের সঠিকতা ও মালিকানা বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে মূল সূত্রের সঙ্গে যোগাযোগ করুন।