গোপালপুরে অটোচালককে শ্বাসরোধে হত্যার অভিযোগ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৮:০৩ অপরাহ্ণ
গোপালপুরে অটোচালককে শ্বাসরোধে হত্যার অভিযোগ

টাঙ্গাইলের গোপালপুরে ব্যাটারিচালিত অটোরিকশা চালককে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (২৯ এপ্রিল) উপজেলার আলমনগর ইউনিয়নের মাদারজানি পূর্বপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত চানমিয়া (৪৫) ওই গ্রামের ব্যাপারীপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে চানমিয়ার অটোরিকশায় উঠে একই গ্রামের কাজম আলীর ছেলে ফরহাদ গোপালপুর যাওয়ার কথা বলেন। এ সময় চানমিয়া গোপালপুর যেতে রাজি হয়নি, এ নিয়ে একপর্যায়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে উত্তেজিত হয়ে ফরহাদ রিকশাচালক চানমিয়ার গলা টিপে ধরলে ঘটনাস্থলেই তিনি নিস্তেজ হয়ে যায়। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চানমিয়ার পরিবার জানায়, অটোরিকশায় না ওঠানোর মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এমন ঘটনা মেনে নেয়া যায় না। তারা ঘটনার সঠিক তদন্ত ও দোষীর সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন।

কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে শিশুসহ নিহত ৩, আহত অন্তত ১১
এ বিষয়ে গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, অটোতে না উঠতে দেয়াকে কেন্দ্র করে বাকবিতণ্ডার ঘটনা ঘটে। নিহত চান মিয়ার আগে থেকেই হার্টের সমস্যা ছিল বলে জানা গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত বলা যাবে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।