সোয়া কোটি টাকা ভাড়া বকেয়া: টাঙ্গাইলের এলেঙ্গা রিসোর্ট সিলগালা
উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিত টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গায় বিনোদন কেন্দ্র ‘এলেঙ্গা রিসোর্টের’ বকেয়া ভাড়া পরিশোধ না করায় সিলগালা করে দিয়েছে প্রশাসন। প্রতিষ্ঠানটির প্রায় সোয়া কোটি টাকা ভাড়া বকেয়া রয়েছে বলে দাবি সেতু কর্তৃপক্ষের।
বৃহস্পতিবার দুপুরে কালিহাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম সায়েদা খানম লিজার নেতৃত্বে অভিযান চালিয়ে রিসোর্টটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। এ সময় বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের লোকজন উপস্থিতি ছিলেন।
এলেঙ্গা রিসোর্টটি দীর্ঘদিন ধরে সেতু কর্তৃপক্ষের মালিকানাধীন জমি ইজারা নিয়ে পরিচালিত হয়ে আসছিল। কয়েক মাস ধরে ভাড়া পরিশোধ না করায় রিসোর্টটির বিরুদ্ধে বড় ধরনের আপত্তি ওঠে। একাধিকবার নোটিস দেওয়ার পরও রিসোর্ট কর্তৃপক্ষ বকেয়া পরিশোধের কোনো উদ্যোগ নেয়নি।
সেতু বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আহসানুল কবীর পাভেল বলেন, “রিসোর্ট কর্তৃপক্ষ প্রায় এক কোটি ২৫ লাখ টাকার ভাড়া বকেয়া রেখেছে। আমাদের স্টেট ডিপার্টমেন্ট থেকে বারবার নোটিস দেওয়ার পরও তারা কোনো সাড়া দেয়নি। অডিট আপত্তির ভিত্তিতে সদর দপ্তরের নির্দেশে নির্বাহী হাকিমের মাধ্যমে রিসোর্টটি সিলগালা করা হয়েছে।”
সহকারী কমিশনার সায়েদা খানম লিজা বলেন, সেতু কর্তৃপক্ষের পক্ষ থেকে নির্দিষ্ট সময়ের জন্য রিসোর্ট পরিচালনা করতে জমিটি ইজারা দেওয়া হয়েছিল। কিন্তু রিসোর্ট কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে বকেয়া পরিশোধ না করায় সেতু কর্তৃপক্ষ একাধিকবার চিঠি ও নোটিস প্রদান করলেও তারা সাড়া দেয়নি।
বকেয়া অর্থ পরিশোধ না করায় সেতু কর্তৃপক্ষের অডিট আপত্তির ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় রিসোর্টটির কার্যক্রম বন্ধ করে সিলগালা করা হয়েছে বলে জানান তিনি।
পরে মালিকানা অনুযায়ী সেতু কর্তৃপক্ষ তাদের জায়গার দখল বুঝে নেয় বলে জানান নির্বাহী হাকিম।







আপনার মতামত লিখুন
Array